ফেসবুক-কে বাংলাদেশে অফিস ও ডাটা সেন্টার স্থাপনে চাপ দিচ্ছে সরকার : পলক

৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:০২  

হবিগঞ্জের চুনারুঘাটে ইন্টারনেট সমস্যায় প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

এক ঝাঁক ইনফ্লুয়েন্সারদের নিয়ে শনিবার তপ্ত রোদের মধ্যে হবিগঞ্জ জেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ তুলে দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তার সহধর্মীনী আরিফা জেসমিন কনিকা উপস্থিত ছিলেন। ‘হার পাওয়ার প্রকল্প’র আওতায় স্থানীয় দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান পরিণত হয় উন্মুক্ত জনসভায়। সরব হয়ে ওঠে ৬ ইনফ্লুয়েন্সার অতিথিদের উপস্থিতিতে।

উদ্যোক্তা তৈরির কারিগর ইকবাল বাহার, মটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন, উপস্থাপক ফারাবী হাফিজ, ইউটিউবার তৌহিদ আফ্রিদি, ডিজিটাল কন্টেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদির এবং গায়ক থেকে তরুণ হিতৈষী তাসরীফ খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।   

তারুণ্যের এমন শক্তিকে প্রযুক্তির শক্তিতে যুক্ত করেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন ‘ডিজিটাল বাংলাদেশ’ এর মতোই ২০৪১ সালের আগেই বাস্তবায়ন সম্ভব হবে বলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের তরুণেরা নেতৃত্ব দেবে ডিজিটাল বিশ্বের। তাঁদের সুযোগ্য করে গড়ে তুলতে হবে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ওপর জোর দিতে হবে। আমরা নিজেদেরকে স্মার্ট হিসেবে গড়ে তুললে দেশও স্মার্ট দেশ হিসেবে গড়ে উঠবে’।

প্রতিমন্ত্রী পলক জানান,  সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কারো যেন প্রাণ বা মনহানী না হয় সেজন্যও সরকার কাজ করছে। ফেসবুকসহ সবাইকে বাংলাদেশে অফিস ও ডাটা সেন্টার স্থাপন করার জন্য সরকারের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে। এছাড়াও সাইবার সিকিউরিটি নিশ্চিতে সরকার ৪ ধাপে কাজ করছে। এগুলো হচ্ছে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি ও আইনের প্রয়োগ এবং আন্তর্জাতিক তথ্য আদান-প্রদান।ফেসবুক, ইউটিউব, টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোতে সামাজিক ও ধর্মীয় অবস্থা বিবেচনায় রেখে দেশের জন্য উপযোগী কন্টেন্ট নির্মান করা।

পলক আরো বলেন, হবিগঞ্জে আগামী এক বছরের মধ্যে ১০০টি শেখ রাসেল আইসিটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। তাছাড়া স্মার্ট এমপ্লয়মেন্ট ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে প্রতিবছর এক হাজার তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ পাবে। তারুণ্যের শক্তি এবং প্রযুক্তিগত দক্ষতা নিয়ে চুনারুঘাট মাধবপুর উপজেলা বাংলাদেশের মধ্যে রোল মডেল হবে। এখানে সারাদেশের মানুষ আসবে যুবক যুবতীদের কর্ম দক্ষতা এবং মনোবল দেখার জন্য।

জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‍হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক মনোয়া ইসরাত। এরপর হবিগঞ্জ উপজেলার প্রশিক্ষণার্থী হেনা আক্তার, চুনারু ঘাট থানার প্রেয়সী দেব, বাবুগঞ্জ উপজেলা থেকে রোকসানা খাতুন নিজেদের প্রশিক্ষণ নেয়ার গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বকে জনপ্রতিনিধিতে রূপান্তরে হবিগঞ্জ ৪ সংসদীয় আসনের মানুষের শক্তির প্রশংসা করেন উপস্থিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। তারা ফেসবুক লাইভের জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে চুনারুঘাটকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যরিষ্টার সুমন এলাকাটিকে বিশ্বের কাছে পরিচিত করিয়ে তুলেছে উল্লেখ করে সমস্যা সমাধানে আগামী ৫ বছন তার পাশে থাকার আহ্বান জানান।

তাদের মধ্যে চুনারুঘাটে মোবাইল ইন্টারনেটের সমস্যা নিয়ে অভিযোগ করেন মোটিভশনাল স্পিকার ও টেলিকম পেশাদার সোলাইমান সুখন। এই সমস্যার সমাধানে তিনি উপস্থিত মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এছাড়াও উপস্থিত সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট দেয়াই সব নয়, ভোট দেয়ার পর নির্বাচিত প্রতিনিধিকে সুপথে চালানো বড় চ্যালেঞ্জ। জনপ্রিয়তা, আবেগ কচুপাতার পানির মতো। তেল-তোষামদ বাদ দিয়ে মোলায়েম ভাষায় আসল সমস্যাগুলো জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরতে হবে। সমালোচনা করতে হবে ভদ্রোচিত ভাষায়।   

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-৩ সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরিফ রুয়েল এবং অনুষ্ঠানস্থল হবিগঞ্জ-৪ সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুর হক সুমন, পৌর মেয়র সাইফুল আলম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি অধিদফতর মহাপরিচালক মোস্তফা কামাল, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন প্রমুখ।